সবজির সুস্বাদ নানান খাবার

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  আর কোথাও না হোক বাজারে কিন্তু শীত চলে এসেছে। এর মানে হলো এখনই বাজারে পাওয়া যাচ্ছে শীতের নানা সবজি। শুধু স্বাস্থ্য রক্ষার খাতিরে নয়, সবজি আপনার রসনা মেটাতেও সক্ষম; যদি একটু ভিন্নভাবে রান্না করা যায়। তাই এবার চার রকমের সবজির রেসিপি নিয়ে এই আয়োজন।
 
সিজনাল ভেজিটেবল:
উপকরণ: ফুলকপি ও বাধাকপি ১ কাপ; গাজর, আলু ও  বরবটি ১ কাপ; চিচিংগা ও বেগুন ১ কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, কাঁচামরিচ ৭-৮টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, ঘি ২ টেবিল চামচ, তেজপাতা ৪-৫টি, চিনি ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, টমেটো সস ১ চা চামচ, সয়াবিন তেল আধা কাপ, লবণ পরিমাণমতো।
 
প্রণালি: সব সবজি বেকিং পাউডার দিয়ে সিদ্ধ করে নিন। এবার চুলায় পাত্র দিয়ে তেল দিন। তেল গরম হলে সব মসলা দিয়ে কষান। মসলা কষানো হলে তাতে সবজিগুলো দিয়ে অল্প গরম পানিতে ৮-১০ মিনিট রান্না করুন। এরপর তাতে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিন। কিছুক্ষণ পর উপরে ঘি ঢেলে দিয়ে দমে রাখুন ৫ মিনিট এবং গরম গরম পরিবেশন করুন।
 
ফুলকপির রোস্ট:
উপকরণ: ফুলকপি ১টি, রসুন বাটা ১ চা চামচ, ডিম ১টি, লবণ পরিমাণমতো, টক দই আধা কাপ, চিনি ১ চা চামচ, বাদাম বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, মাংসের কিমা আধা কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, তেল ভাজার জন্য।
 
প্রণালি: ফুলকপি লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিন। সব ধরনের মসলা থেকে অর্ধেক মসলা দিয়ে কিমা রান্না করুন। কিমাগুলো সিদ্ধ ফুলকপির মধ্যে ভরে দিন। এবার ডিমে চুবিয়ে আস্ত ফুলকপি ডুবো তেলে ভেজি নিন। বাকি মসলাগুলো তেলে কষিয়ে ভাজা ফুলকপির রোস্ট তৈরি করুন।
 
পাঁচফোড়ন দিয়ে সবজি:
উপকরণ: পেঁপে ও আলু (কিউব) ১ কাপ; সিম, বরবরটি ও পটল আধা কাপ; গাজর আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, হলুদ বাটা আধা চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, পাঁচফোড়ন ১ চা চামচ, কাঁচামরিচ ৪-৫টি, লবণ স্বাদমতো, জিরা ভাজা গুঁড়া ১ চা চামচ, সয়াবিন তেল আধা কাপ।
 
প্রণালি: সব সবজি ধুয়ে কিউব করে কেটে নিন। চুলায় পাত্র দিয়ে তেল দিন। তেল গরম হলে পাঁচফোড়ন, আদাবাটা ও সবজি দিয়ে নাড়া দিন। এবার পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ দিন। মাঝে মাঝে নাড়ুন প্রয়োজন হলে অল্প পানি দিন। সবজি সিদ্ধ হলে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিন।
 
শিমের চচ্চড়ি:
উপকরণ: শিম আধা কেজি, পেঁয়াজ কুচি আধা কাপ, ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ৪-৫টি, সয়াবিন তেল ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, গ্রিন সস ১ টেবিল চামচ।
 
প্রণালি: শিম ধুয়ে চিকন করে কেটে নিন। চুলায় পাত্রে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিন, এরপর হলুদ-মরিচ দিয়ে কষান। মসলা কষানো হলে শিম দিন। লবণ ও অল্প পানি দিয়ে রান্না করুন। শিম সিদ্ধ হয়ে এলে ধনেপাতা কুচি, কাঁচামরিচ ফালি দিন এবং গ্রিন সস উপরে দিয়ে দমে রাখুন ৫ মিনিট। তৈরি হয়ে গেল শিমের চচ্চড়ি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top