সেবা ডেস্ক: সেবার নামে মোবাইল ফোন অপারেটরদের গ্রাহক ভোগান্তির কৌশল রোধে ভয়েস ও ইন্টারনেট প্যাকেজে বিশৃঙ্খলা বন্ধের উদ্যোগ নিয়েছে ডাক ও টেলিকমিউনিকেশন বিভাগ (পিটিডি)।পিটিডি ইতোমধ্যে যে কোন প্যাকেজের অটো নবায়ন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছে।
পিটিডি সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী বাসস’কে বলেন, গ্রাহকদের স্বার্থরক্ষায় সম্প্রতি প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সম্পর্কিত কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা যে কোন রকম আর্থিক ক্ষতির হাত থেকে গ্রাহকদের স্বস্তি দিতে ভয়েস ও ইন্টারনেট প্যাকেজের অটো নবায়ন বন্ধের নির্দেশ দিয়েছি।
এছাড়া যে কোন প্যাকেজের জন্য অপারেটরদের মন্ত্রণালয়ের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে। এক্ষেত্রে পিটিডি বিদ্যমান ভয়েস ও ইন্টারনেট প্যাকেজের সংখ্যা জানাতে বিটিআরসিকে চিঠিও দিয়েছে।
পিটিডি’র একজন কর্মকর্তা জানান, প্যাকেজের সংখ্যা নির্ধারণে বিটিআরসিকে চিঠি দেয়া হয়েছে। কারণ অপারেটররা অনেক প্যাকেজ দিচ্ছে। যা বিভ্রান্তি ও ভোগান্তির সৃষ্টি করছে। বিটিআরসি’র কাছ থেকে প্যাকেজের সংখ্যা সম্পর্কে জানতে পারলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এই চিঠি সম্পর্কে জানতে চাওয়া হলে পিটিডি’র সচিব বলেন, আমরা এখনো এর জবাব পাইনি। আশা করছি শিগগির তা পাবো।
পিটিডি এই চিঠিতে বিদ্যমান প্যাকেজের মোট সংখ্যা, অননুমোদিত প্যাকেজ, অটো নবায়ন প্যাকেজ ও প্যাকেজগুলোর কারণে গ্রাহক ভোগান্তির বিষয়েও জানতে চেয়েছে।
এদিকে বিটিআরসি গ্রাহকদের অভিযোগ ও ভোগান্তির কথা শুনতে ২২ নভেম্বর এক অনুষ্ঠানের আয়োজন করবে।