সেবা ডেস্ক: দিনাজপুরের বোচাগঞ্জে হরিজনদের ৭টি বাড়ি ও হিন্দুদের তিনটি বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার মুর্শিদহাট রেলকলোনির হরিজনপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় জুয়েল নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জুয়েল সেতাবগঞ্জ স্টেশন পাড়া মহল্লার আইয়ুব আলীর পুত্র। আইয়ুব আলী সেতাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা হরিজনপাড়ার ৭টি বাড়ি পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। পরে আগুন হিন্দুদের তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই ১০টি বাড়ির আসবাবপত্রসহ মালামাল পুড়ে যায়। সেতাবগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার সামসুল আলম জানান, আগুনে ১০টি বাড়ি পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা হচ্ছে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফ জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি হরিজন সম্প্রদায়ের লোকজনকে নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বোঁচাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ হাবিবুল ইসলাম জানান, বিকেলে হরিজন সম্প্রদায়ের পক্ষ থেকে রয়েল বাসফোর বাদী হয়ে জুয়েল ও তসলিম নামে ২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। জুয়েল বর্তমানে পুলিশ হেফাজতে থাকলেও অপর আসামি তসলিমকে গ্রেফতারের জন্য তৎপরতা চালানো হচ্ছে।