সেবা ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, 'আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।'
১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে জাপানের জনগণ ও সরকারে অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য জাপান একটি বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু।'
জাপানের সম্রাটের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় জাপানের রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য নাগরিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে। -বাসস।