সেবা ডেস্ক: রাশিয়ান রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা এবং এর পরপরই তুরস্কের রাজধানী আঙ্কারার মার্কিন দূতাবাসের প্রধান ফটকের বাইরে গুলি বর্ষণের ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তার কারণে মঙ্গলবার আঙ্কারাস্থ মার্কিন দূতাবাস এবং ইস্তাম্বুল ও আদানায় মার্কিন কনস্যুলেট বন্ধ করে দেয়া হয়েছে।
একই সঙ্গে সে দেশে বসবাসরত মার্কিন নাগরিকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আমেরিকা। তারা যাতে ওই এলাকায় না যায় সেজন্যেও পরামর্শ দেয়া হয়েছে। ঘটনাস্থল অর্থাৎ আর্ট গ্যালারি থেকে প্রায় আড়াই মাইল দূরে মার্কিন দূতাবাস অবস্থিত। সেখানে রীতিমত টেনশনের পরিস্থিতি তৈরি হয়েছে।
মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব মার্কিন নাগরিককে দূতাবাস চত্বরের কাছাকাছি এলাকা এড়িয়ে চলা উচিত। এ ছাড়া, বার্তায় মার্কিন নাগরিকদের দক্ষিণপূর্ব তুরস্ক সফর এড়িয়ে চলার পরামর্শের পাশাপাশি গোটা তুরস্ক ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা নিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, রাজধানীতে একটি ছবির প্রদর্শনী অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় রাশিয়ান রাষ্ট্রদূত আঁদ্রে কার্লভের ওপর হামলা হয়। কার্লভ ছাড়াও গুলিতে আহত হয়েছ অরো তিনজন। হামলার পেছনে আইএস জঙ্গি গোষ্ঠীর হাত থাকতে পারে বলে মনে করছে রাশিয়ার প্রশাসন। ইতোমধ্যে তদন্তের জন্য তুরস্কের সঙ্গে যোগাযোগ শুরু করেছে রাশিয়া। আদ্রেঁ কারলভ ২০১৩ সাল থেকে তুরস্কে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে কাজ করছিলেন। এএফপি।