বাঁশখালী, চট্টগ্রাম : গতকাল ২৮ ডিসেম্বর ১৬ইংরেজী, চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সব ওয়ার্ডের ভোট গ্রহণ সম্পন্ন হলেও আবারো বাঁশখালী ১৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিত হয়েছে। ভোটের আগের দিন সব প্রস্তুতি শেষ! কিন্তু রাত বারটা'র পর সমাজিক যোগাযোগের মাধ্যমে ও বিভিন্ন মহলের বিশেষসূত্রে জানা যায় বাঁশখালীতে জেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।
পরে জানা যায় বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র এবং জেলা পরিষদের ১৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী জনাব শেখ ফখরুদ্দিন চৌধুরী (ঢোল প্রতীক) প্রার্থী হয়ে প্রথম পর্যায়ে মার্কা না পেলেও পরবর্তীতে কোর্টের নির্দেশে প্রতীক পেয়ে প্রচার-প্রচারণা চালান।
পরে হাইকোর্টে ওই প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণার জন্য পর্যাপ্ত সময় চেয়ে রিট পিটিশন(নং-১৫৭৭০/২০১৬) দায়ের করলে কোট অন্তবর্তীকালীন আদেশ দেন। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশনের উপ-সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (নং-১৭.০০.০০০০.০৭৯.৩৯.০২০.১৬-৬ ১৭) গত ২৭ ডিসেম্বর বাঁশখালী ১৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে(পুরুষ) নির্বাচন স্থগিত করা হয়। ওই আদেশ বাঁশখালীতে মঙ্গলবার গভীর রাতে পৌঁছায় অধিকাংশ প্রার্থী পরদিন যথারীতি ভোট প্রদানের জন্য কেন্দ্রে উপস্থিত হয়েও ভোট দিতে পারেননি। পরে সংরক্ষিত(মহিলা) সদস্যপদে ভোট প্রদান করে তারা ফিরে যান।
এদিকে বাঁশখালী কেন্দ্রে ১৭২টি ভোটের মধ্যে এডভোকেট কামরুন্নাহার (দোয়াত কলম মার্কা) পেয়েছেন ১০৩ ভোট, শাহিদা আক্তার (হরিণ মার্কা) পেয়েছেন ৫৬ ভোট, বাতিল হয়েছে ১ ভোট এবং ভোট দিতে আসেনি এমন ভোটার সংখ্যা ১২ জন। এই নির্বাচনে সাধারণ জনগণের তেমন অংশগ্রহণ না থাকলেও তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার কমতি ছিল না।
এসময় অনেককেই বলতে শোনা গেছে বাঁশখালীর নির্বাচনে যেন অশনিসংকেত লেগেছে। এর আগেও নানা কারণে বাঁশখালীতে দফায় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিতের নির্দেশ আসে।
