শেরপুর প্রতিনিধি: ‘তথ্যই শক্তি জানবো, জানাবো দুর্নীতি রুখবো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ন্তজাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ীতে দুইদিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক)- টিআইবি ও নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ২০ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে তারাগঞ্জ উত্তর বাজার শহীদ মিনার চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
এ সময় স্থানীয় শহিদ মিনার প্রঙ্গণ থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে শহিদ মিনার মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি জোবায়দা খাতুন, সদস্য এনায়েত আলী, টিআইবির প্রোগ্রাম ম্যানোজার আতিকুর রহমান, নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম, ইয়েস গ্রুপের দলনেতা আবু সাঈদ প্রমুখ।
