
সেবা ডেস্ক: টাঙ্গাইল জেলার প্রথম করোনা শনাক্ত রোগী সুস্থ হয়েছেন বলে জানা গেছে। তার নাম অখিল চন্দ্র সরকার (৪৭)। ওই ব্যক্তির বাড়ি উপজেলার ভাওড়া ইউনিয়নের বৈরাগী ভাওড়া গ্রামে।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, “পর পর দুটি পরীক্ষায় করোনা আক্রান্ত ওই ব্যক্তির করোনা নেগেটিভ এসেছে। আজ তার রিপোর্ট হাতে পাওয়ার পর আক্রান্ত ব্যক্তি নিজেই এ ব্যাপারে অবগত করেন। তিনি বর্তমানে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।”
তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার তিনি ছুটি পেতে পারেন। এরপর তাকে ৭ দিন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, গত ৭ এপ্রিল রাতে আইইডিসিআর থেকে নমুনা পরীক্ষার পর জানানো হয় মির্জাপুরে অখিল চন্দ্র সরকার (৪৭) নামে এক ব্যক্তি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নারায়ণগঞ্জ ফেরত ওই ব্যক্তির বাড়ি উপজেলার ভাওড়া ইউনিয়নের বৈরাগী ভাওড়া গ্রামে।
আক্রান্ত ওই ব্যক্তি নারায়ণগঞ্জের স্থানীয় ‘পলি ক্লিনিক’ নামের একটি প্রাইভেট ক্লিনিকে সিনিয়র ওটি বয় হিসেবে কাজ করতেন। গত ৫ এপ্রিল সেখান থেকে করোনা উপসর্গ নিয়ে ছুটিতে বাড়ি আসেন তিনি।
এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা হলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে করোনা পজিটিভ ধরা পড়ে।
