![]() |
| ভিয়েতনামে বাংলাদেশি আলু রপ্তানির অনুমোদন: কৃষকদের জন্য নতুন দিগন্ত |
ভিয়েতনামের বাজারে বাংলাদেশি আলু: বাণিজ্য ঘাটতি হ্রাসে বড় অর্জনের ঘোষণা
বাংলাদেশি আলু রপ্তানির জন্য ভিয়েতনামের বাজার এখন থেকে সম্পূর্ণ উন্মুক্ত। স্থানীয় সময় শুক্রবার (২৭ মার্চ) ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে আলু আমদানির অনুমোদন প্রদান করেছে। হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
ভিয়েতনামের প্রচলিত বিধি অনুযায়ী, কোনো দেশ থেকে কৃষি পণ্য আমদানির আগে দেশটির কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ে নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। এরপর কর্তৃপক্ষ তথ্য যাচাই-বাছাই ও মান পরীক্ষার পর সন্তোষজনক ফলাফল পেলে আমদানির অনুমোদন দেয়।
হ্যানয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমানের উদ্যোগে এবং বাংলাদেশের বাণিজ্য, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ২০২৫ সালের মে মাসে এই নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছিল।
দীর্ঘ প্রায় এক বছরের প্রচেষ্টায় এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ায় আজ থেকে বাংলাদেশ ভিয়েতনামে আলু রপ্তানির যোগ্যতা অর্জন করল।
বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান এই সাফল্যকে দেশের আলু রপ্তানিকারকদের জন্য একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “এই অর্জনের ফলে আমাদের স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি আলুর কদর বাড়বে।”
তিনি আরও উল্লেখ করেন যে, ভিয়েতনামে আলুর ব্যাপক চাহিদা থাকায় এই রপ্তানি উদ্যোগ দুই দেশের মধ্যকার বিদ্যমান বাণিজ্য ঘাটতি হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে।
রাষ্ট্রদূতের মতে, আলুর এই সফল প্রবেশ ভিয়েতনামের বাজারে বাংলাদেশের অন্যান্য উদ্ভিদজাত পণ্য, বিশেষ করে তিল রপ্তানির পথকেও সুগম করবে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।