![]() |
| ইসলামপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ ভিত্তিহীন: সাবেক কাউন্সিলর সামিউল হকের সংবাদ সম্মেলন |
কুচক্রী মহলের প্ররোচনায় মিথ্যা অভিযোগ: নেতাকর্মীদের কাছে ক্ষমা চাইলেন সাবেক কাউন্সিলর
জামালপুরের ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি ও হামলার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন পৌরসভার সাবেক কাউন্সিলর সামিউল হক। গত ২৩ মার্চ রাতে তার বাড়িতে হামলার যে অভিযোগ তার স্ত্রী নাজমা হক তুলেছিলেন, তা এক কুচক্রী মহলের প্ররোচনায় করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সামিউল কমিশনার বলেন, "গত ২৪ ও ২৫ মার্চ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল এবং জাতীয় পত্রিকায় বিএনপি নেতাদের জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার জন্য আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত লজ্জিত ও দুঃখিত। একটি স্বার্থান্বেষী মহলের প্রলোভনে পড়ে আমার স্ত্রী নাজমা হক এই ভিত্তিহীন অভিযোগ থানায় দায়ের করেছিলেন।"
তিনি স্পষ্টভাবে জানান, গত ২৩ মার্চ রাতে ১০-১৫টি মোটরসাইকেলে করে কেউ তাঁর বাড়িতে প্রবেশ করেনি এবং কেউ কোনো প্রকার চাঁদা দাবি করেনি। অভিযোগে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. হাসমত, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলিনুর, রোকনুজ্জামান রুকন এবং উপজেলা ছাত্রদলের সাবেক নেতা আব্দুর রাজ্জাকসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছিল। সামিউল হক জানান, ওই নেতাদের সম্মানহানি করার উদ্দেশ্যেই একটি পক্ষ তাঁর স্ত্রীকে ব্যবহার করেছে।
ইতিমধ্যেই এই মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে জানিয়ে সামিউল হক আরও বলেন, "আমি এই ষড়যন্ত্রমূলক অভিযোগের তীব্র নিন্দা জানাচ্ছি। রাজনৈতিক ফায়দা লুটতে আমাকে ও আমার পরিবারকে যারা ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধেও আমি সচেতন।" তিনি এই বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।