দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ ৪ জনের মৃত্যু, শোকের ছায়া
ঈদের আনন্দ বিষাদে রূপ নিলো জামালপুরের দেওয়ানগঞ্জে। ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ড্রামের ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে সহোদর ভাই-বোনসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬), ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০) এবং গামারিয়া এলাকার কিশোর আবির (১৬)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ পৌর কর্তৃপক্ষের উদ্যোগে ব্রহ্মপুত্র নদের ওপর ড্রাম দিয়ে যাতায়াত ও বিনোদনের জন্য এই ভাসমান সেতুটি নির্মাণ করা হয়েছিল। আজ ঈদের দিন হওয়ায় বিকেল থেকেই ভ্রমণপিপাসু মানুষের উপচে পড়া ভিড় জমে সেতুটির ওপর। ধারণক্ষমতার অতিরিক্ত মানুষের চাপে হঠাৎ সেতুটি মাঝখান দিয়ে ভেঙে উল্টে যায়।
এ সময় সেতুতে থাকা কয়েকশ মানুষ পানিতে পড়ে যান। অধিকাংশ মানুষ সাঁতরে পাড়ে উঠতে পারলেও শিশুসহ বেশ কয়েকজন তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। নদী থেকে কয়েকজনকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাদিজা, মোতালেব, মায়ামনি এবং আবিরকে মৃত ঘোষণা করেন। এখনো নিখোঁজদের সন্ধানে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং উদ্ধার কাজের সার্বিক খোঁজখবর নেন। ঈদের দিনে এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম চলছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।