![]() |
| মহান স্বাধীনতা দিবস আমাদের দেশপ্রেমকে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী তারেক রহমান |
স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে।
আগামীকাল ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে বুধবার (২৫ মার্চ) দেওয়া এক বিশেষ বাণীতে তিনি এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশের সর্বস্তরের জনগণসহ প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং প্রিয় জন্মভূমিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
বাণীতে প্রধানমন্ত্রী ২৬শে মার্চকে জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন হিসেবে অভিহিত করেন। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে জাতির সেই শ্রেষ্ঠ সূর্যসন্তানদের স্মরণ করেন, যাঁদের মহান আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।
একই সঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা-বোন এবং স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকলকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
প্রধানমন্ত্রী সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁদের বীরত্বগাঁথাকে নতুন প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রিয় মাতৃভূমির অগ্রগতি ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে হলে আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা এবং দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আসুন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করি।" একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলে তিনি তাঁর বাণীতে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।