![]() |
| পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো গোষ্ঠীর লাঠিয়াল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন |
পুলিশের পোশাকে আসছে পরিবর্তন: দলীয় প্রভাবমুক্ত মানবিক বাহিনী গড়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের প্রকৃত বন্ধু।
শনিবার (২৮ মার্চ) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান পোশাকে পুলিশের অধিকাংশ সদস্য সন্তুষ্ট নন এবং তারা এতে অস্বস্তিবোধ করেন। ফলে পুলিশের ঐতিহ্য ও মর্যাদা রক্ষা করে শিগগিরই একটি স্বাচ্ছন্দ্যময় ও মানানসই নতুন পোশাক প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি বলেন, "পুলিশের সর্বস্তরের সদস্যদের সঙ্গে কথা বলে আমরা অনুধাবন করেছি যে তারা বর্তমান পোশাকে খুশি নন। আমরা দ্রুতই কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেব।"
জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, "আমাদের নির্বাচনি ইশতেহার অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত রেখে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করা হবে। এই লক্ষ্যে একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ শুরু হয়েছে।"
তিনি জোর দিয়ে বলেন, পুলিশের নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে মেধা, যোগ্যতা ও সততাকে একমাত্র মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এছাড়াও ব্রিটিশ আমলের পুলিশ আইনে প্রয়োজনীয় সংস্কার এনে সময়োপযোগী আইন প্রণয়ন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমান।
৪৩তম বিসিএস পুলিশের ৭২ জন শিক্ষানবিশ এএসপি এই প্রশিক্ষণে অংশ নেন, যার মধ্যে ৬৬ জন পুরুষ ও ৬ জন নারী। দীর্ঘ প্রশিক্ষণে অসাধারণ কৃতিত্বের জন্য শিক্ষানবিশ এএসপি মো. ফাহিম ফয়সাল 'বেস্ট প্রবেশনার' ও 'বেস্ট একাডেমিক' অ্যাওয়ার্ড লাভ করেন।
এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে মো. আরাফাত হোসেন, শাওন রেজা এবং বাপী কুমার দাশ শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।