![]() |
| বাহুবলে চারুপাঠের শিক্ষার্থীদের প্রযোজনা উপস্থাপনা ও সনদ বিতরণ সম্পন্ন |
সুমিষ্ট ভাষার জাদুতে মুগ্ধ দর্শক: বাহুবলে চারুপাঠের শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজন
"পৃথিবীর সবচেয়ে মধুরতম জিনিস হলো ভাষা। সুন্দর করে কথা বলতে জানলে সবকিছুই জয় করা সম্ভব।" বাহুবলে উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র 'চারুপাঠ'-এর সনদ বিতরণী অনুষ্ঠানে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। তাঁদের মতে, প্রমিত উচ্চারণ চর্চা কেবল পেশাগত জীবনেই নয়, বরং সংসার ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রেই সমানভাবে উপকারী। আর এই শুদ্ধ ভাষা চর্চার কাজটিই নীরবে করে যাচ্ছে চারুপাঠ।
শুক্রবার বাহুবল উপজেলার বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে চূড়ান্ত মূল্যায়নে উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রযোজনা উপস্থাপনা, আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারুপাঠের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক পংকজ কান্তি গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর মোঃ তুফাজ্জল হক।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর আসর হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দীপুল কুমার রায়, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সিলেট বিভাগীয় সমন্বয়কারী মোঃ জালাল উদ্দিন রুমী, প্রভাষক মিহির চন্দ্র পাল এবং শিক্ষক মোঃ ফজলুল হকসহ আরও অনেকে। বক্তারা শিক্ষার্থীদের প্রতিভা ও চারুপাঠের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
পুরো অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পরিবেশনায় প্রায় এক ঘণ্টাব্যাপী 'প্রযোজনা উপস্থাপনা'। পংকজ কান্তি গোপের পরিকল্পনা ও নির্দেশনায় শিক্ষার্থীরা তাঁদের শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি শৈলী দিয়ে দর্শকদের বিমোহিত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মীম ও সৃজিৎ ভট্টাচার্য্য। এছাড়া আলোচনা অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ফাহমিদা হক, মালিহা জাহান ও ইসরাত জাহান স্নেহা।
অনুষ্ঠান শেষে চূড়ান্ত মূল্যায়নে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয় এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের ক্রেস্ট প্রদান করা হয়। প্রাথমিক শাখায় (ব্যাচ-১) বিজয়ী হয়েছেন যথাক্রমে মানব পাল আদি, অনির্বাণ গোপ এবং ইফতিয়া জান্নাত রাহমি। মাধ্যমিক শাখায় (ব্যাচ-২) বিজয়ী হয়েছেন জান্নাতুল মাওয়া মীম, ফাহমিদা হক এবং অহনা পাল তিথি। অনুষ্ঠানটি স্থানীয় সুধীমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।





খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।