![]() |
| যমুনার চরে আগাম জাতের ভুট্টা চাষে বিপ্লব: হাসি ফুটেছে কৃষকের মুখে |
বালুচরে ভুট্টার বিপ্লব: বন্যার আগেই ঘরে উঠছে উচ্চফলনশীল ফসল
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা নদীর বুক চিরে জেগে ওঠা বালুচরে এখন ভুট্টার জয়জয়কার। বিশেষ করে দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের টিনের চরে আগাম জাতের উচ্চফলনশীল 'যুবরাজ' ভুট্টা চাষে কৃষি অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার হয়েছে।
জানা গেছে, যমুনার ভাঙনে জমি হারিয়ে নিঃস্ব হওয়া কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচি। তাদের ‘এডাপটেশন ক্লিনিক’-এর মাধ্যমে চরের ৪৫০ জন কৃষককে জলবায়ু সহিষ্ণু ও স্বল্পমেয়াদি ভুট্টার বীজ প্রদান করা হয়েছে। ব্র্যাকের কারিগরি সহায়তায় আধুনিক সেচ প্রযুক্তি এবং জৈব বালাইনাশক ব্যবহারের ফলে উৎপাদন খরচ যেমন কমেছে, তেমনি ফলন বেড়েছে প্রায় দ্বিগুণ। আগে বিঘা প্রতি যেখানে ২৫-৩০ মণ ভুট্টা পাওয়া যেত, এখন সেখানে ৪০-৪৫ মণ ফলন হচ্ছে।
টিনের চরের প্রায় ৭৫০ বিঘা জমিতে এই উচ্চফলনশীল ভুট্টার চাষ করা হয়েছে। আগাম জাতের হওয়ায় বন্যার পানি আসার আগেই কৃষকরা সফলভাবে ফসল ঘরে তুলতে পারছেন। এতে করে প্রাকৃতিক দুর্যোগে ফসলহানির যে আতঙ্ক কৃষকদের মধ্যে ছিল, তা অনেকটাই কেটে গেছে। ভুট্টা ছাড়াও মরিচ ও কাউন চাষেও দেখা দিয়েছে আশানুরূপ সাফল্য।
স্থানীয় কৃষকরা জানান, "আগে স্থানীয় জাতের ভুট্টা চাষ করে খুব একটা লাভ হতো না। ব্র্যাকের সরবরাহ করা 'যুবরাজ' জাতের ভুট্টায় ফলন অনেক বেশি হচ্ছে। সবচেয়ে বড় সুবিধা হলো, বন্যার আগেই আমরা ফসল কাটতে পারছি।" কৃষকদের দাবি, সরকারিভাবে যদি এ ধরনের উন্নত জাতের বীজ সরবরাহ আরও বাড়ানো যায়, তবে পুরো চরাঞ্চলে কৃষি বিপ্লব ঘটবে।
ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো. সবুজ মিয়া বলেন, "আমরা চরাঞ্চলের কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষকদের দুর্যোগ সহিষ্ণু চাষাবাদে অভ্যস্ত করছি। এর ফলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।"
দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রতন মিয়া জানান, "নদী ভাঙন কবলিত এই এলাকায় জলবায়ু সহিষ্ণু কৃষি অর্থনীতি গড়ে তুলতে উপজেলা কৃষি অফিস ও এনজিওগুলোর সমন্বিত প্রচেষ্টা চলছে। আমরা জিও-এনজিও মিলে কৃষির টেকসই উন্নয়নে কাজ করে যাচ্ছি।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।