![]() |
| উল্লাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৪টি বসতঘর, নিঃস্ব এক পরিবার |
মাথা গোঁজার ঠাঁই হারালো আব্দুর রহিমের পরিবার: উল্লাপাড়ায় অগ্নিকাণ্ডে সব শেষ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের গোলকপুর গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মো. আব্দুর রহিমের বসতবাড়ির চারটি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, সকালে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রাণের ভয়ে সদস্যরা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসলেও ঘরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় কাপড়চোপড়, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ মালামাল বের করার সুযোগ পাননি। আগুনের তীব্রতা বেশি হওয়ায় স্থানীয়রা চেষ্টা করেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।
খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় ৩০ মিনিটের নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. শাহাদাৎ হোসেন জানান, আগুনে চারটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং প্রাথমিক হিসেবে প্রায় ১ লক্ষ টাকার সমপরিমাণ মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত উপস্থিতির কারণে আশপাশের অন্যান্য বাড়িঘর বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে।
অগ্নিকাণ্ডের এই ঘটনায় পরিবারটি এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে আব্দুর রহিম ও তাঁর পরিবার চরম দুর্দশার মধ্যে পড়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারি সহায়তা এবং সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন।






খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।