![]() |
| জাবিপ্রবি-তে মৎস্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত |
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মৎস্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
‘আগামীর মৎস্য খাত: চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ এই গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) দিনব্যাপী এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের উদ্যোগে ক্যাম্পাস মিলনায়তনে এই আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের নবাগত উপাচার্য (ভিসি) প্রফেসর ড. আমির হোসেন। জাবিপ্রবি’র ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. সাদিকুর রহমান ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশ-বিদেশের খ্যাতিমান মৎস্য বিজ্ঞানী ও গবেষকেরা অংশ নেন।
সেমিনারে মূল বক্তা ও বিশেষ অতিথি হিসেবে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করেন— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. শাহজাহান, ফ্রান্সের ঐতিহ্যবাহী ন্যান্সি লুরিয়েন বিশ্ববিদ্যালয়ের (Nancy-Lorraine University) অ্যাসোসিয়েট প্রফেসর ড. থমাস লেকুক এবং আন্তর্জাতিক প্রাণিবিদ্যা বিষয়ক গবেষক প্রকৌশলী ইয়ান্নিক লিদুর।
দিনব্যাপী এই সেমিনারে গবেষকেরা বৈশ্বিক প্রেক্ষাপটে মৎস্য খাতের আগামী দিনের নানাবিধ সংকট ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, "বর্তমান বিশ্বে একদিকে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব, অন্যদিকে ভূ-রাজনৈতিক উত্তেজনা ও সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের পরোক্ষ প্রভাব মৎস্য সম্পদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সুরক্ষায় অবিলম্বে 'ফ্রেশ পানি' বা বিশুদ্ধ পানির উৎস নিশ্চিত করতে হবে। একই সাথে নদী-নালা ও জলাশয়ে ক্ষতিকর প্লাস্টিক বর্জন নিশ্চিত করা এখন সময়ের দাবি।"
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. আমির হোসেন বলেন, "বাংলাদেশ মৎস্য উৎপাদনে বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে। তবে জলবায়ু পরিবর্তনের এই যুগে আমাদের মৎস্য খাতকে টিকিয়ে রাখতে হলে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগ চরাঞ্চল ও নদীপ্রধান এই অঞ্চলের মৎস্যসম্পদ উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।"
সেমিনারের দ্বিতীয় পর্বে ফিশারিজ বিভাগের কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বিশেষ পারফরম্যান্স সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং মৎস্য অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।