![]() |
| ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ |
ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্যের অভিযোগে করা মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুই আসামিকে আদালতে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার (২৯ জুলাই) দুপুরে সরিষাবাড়ী আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকাকালে একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজের টক শোতে জিয়া পরিবার নিয়ে অশালীন মন্তব্য করেন ডা. মুরাদ হাসান। অভিযোগে উল্লেখ করা হয়, অসৎ উদ্দেশ্যে তাঁর এই অসত্য ও কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে জিয়া পরিবারের ১০ হাজার কোটি টাকার বেশি মানহানি ঘটেছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এই ঘটনায় জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহসভাপতি ও সাবেক ছাত্রদল নেতা লায়ন রুমেল সরকার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ডা. মুরাদ হাসান ছাড়া ওই টক শোর উপস্থাপক চট্টগ্রামের পটিয়া এলাকার মহিউদ্দিন হেলাল নাহিদকে আসামি করা হয়।
মামলায় বাদীপক্ষের আইনজীবী মো. মনিরুজ্জামান জানান, “গত বছরের ২৪ মে সরিষাবাড়ী আমলী আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে ডা. মুরাদ হাসানসহ দুই আসামির বিরুদ্ধে সমন জারি করেন। পরে নির্ধারিত দিনে উপস্থিত না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিলেন আদালত। কিন্তু আসামিরা অদ্যাবধি আদালতে উপস্থিত না হয়ে পলাতক থাকায় তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছেন বিচারক।”
আইনজীবী আরও জানান, এই বিজ্ঞপ্তির পরও যদি আসামিরা নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হন, তবে তাঁদের অনুপস্থিতিতেই আইন অনুযায়ী মামলার বিচারকাজ অব্যাহত থাকবে।




খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।