![]() |
| জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন |
জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে শহরের সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে এই বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুবাশ্বিরা হকসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, “সারাদেশে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকার ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত পর্যায়ে সবাইকে এগিয়ে আসতে হবে। বর্ষাকাল গাছ লাগানোর শ্রেষ্ঠ সময়, তাই খালি জায়গায় বৃক্ষরোপণ ও এর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। অযথা বৃক্ষ নিধন বন্ধ করা এবং গাছের প্রতি ভালোবাসা তৈরিতে এই মেলা বড় ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানের অন্যান্য বক্তারা বলেন, একটি বৃক্ষ তার জীবদ্দশায় মানুষকে অক্সিজেন, ছায়া, ফল ও জ্বালানি দেওয়ার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় যে অবদান রাখে তা অমূল্য। পরিবেশ সুরক্ষায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে অতিথিরা মেলা প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন নার্সারির স্টল ঘুরে দেখেন। এ বছর সপ্তাহব্যাপী মেলায় ফলজ, বনজ ও ঔষধি চারাসহ বিভিন্ন দুর্লভ প্রজাতির গাছের চারা নিয়ে মোট ৩০টি স্টল স্থান পেয়েছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।