![]() |
| জামালপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ |
জামালপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সরকারি সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের মেলান্দহে শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে।
গতকাল সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড (জামালপুর ও শেরপুর শাখা) এবং সেবামূলক প্রতিষ্ঠান কোয়ান্টাম ফাউন্ডেশন (জামালপুর সেল)।
কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বজিৎ দাস, শাহ্জালাল ইসলামী ব্যাংক জামালপুর শাখার ব্যবস্থাপক মো. জুলফিকার আলী, কোয়ান্টাম ফাউন্ডেশন জামালপুর সেলের আহ্বায়ক রকিবুল ইসলাম আকন্দ ও সমাজসেবক আশরাফুজ্জামান স্বাধীনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
সমাবেশে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বজিৎ দাস বলেন, “বিশাল এই ক্যাম্পাস প্রাঙ্গণে আরও গাছ লাগানোর সুযোগ রয়েছে। বিভিন্ন সামাজিক ও আর্থিক প্রতিষ্ঠানের এমন উদ্যোগ পরিবেশ সুরক্ষায় প্রশংসনীয়।”
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মো. জুলফিকার আলী জানান, ব্যাংকটির পক্ষ থেকে জামালপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও ঈদগাহসহ সাতটি প্রতিষ্ঠানে প্রায় ৫০০টি চারা রোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
কোয়ান্টাম ফাউন্ডেশনের আহ্বায়ক রকিবুল ইসলাম আকন্দ বলেন, “আমরা ফলজ ও ভেষজ গাছ রোপণে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, যাতে পরিবেশের সুরক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে পুষ্টি ও ঔষধি উপাদান পেতে পারে।”
আলোচনা শেষে কলেজ প্রাঙ্গণে আম, কাঁঠাল, আমলকী, নারকেল, জাম্বুরা, চালতা ও লেবুসহ শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।