জামালপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
জামালপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে শহরের দড়িপাড়া বাইপাস সংলগ্ন এলাকায় 'অপরাজেয় বাংলাদেশ'-এর 'স্নেহা নিরাপদ আশ্রয়কেন্দ্রে' এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে এই মহতী উদ্যোগ গ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, "সুবিধাবঞ্চিত শিশুদের অবস্থার উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তবে যারা আপনাদের সাহায্যে এগিয়ে আসছেন, তাঁদের সহযোগিতা নিয়ে আপনাদের নিজেদের অবস্থারও পরিবর্তন ঘটাতে হবে। সমাজ ও রাষ্ট্র আপনাদের পাশে আছে, কিন্তু নিজেদের ভাগ্য বদলাতে আপনাদেরও সচেষ্ট হতে হবে।"
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু, স্নেহা নিরাপদ আশ্রয়কেন্দ্রের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম, বিশিষ্ট মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম এবং আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে আশ্রয়কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদের খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল আলু, পেঁয়াজ, রসুন, আদা, ভোজ্য তেল, লবণ, সেমাই ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এছাড়া এদিন সরকারি শিশু পরিবারসহ বিভিন্ন মাদ্রাসাতেও শতাধিক প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।