যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য ১০ রিপাবলিকান প্রার্থী প্রথমবারের মতো টেলিভিশন বিতর্কে অংশগ্রহণ করতে যাচ্ছেন। তবে এই ১০ জনের মধ্যে টেক্সাসের সাবেক গভর্নর রিক পেরি বিতর্কে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না। ক্লিভল্যান্ডে বৃহস্পতিবার মধ্যরাতের এই বিতর্ক অনুষ্ঠানে অন্য ৭ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প, জেব বুশ ও স্কট ওয়াকার অংশ নিবেন।
৫টি জাতীয় জরিপের ভিত্তিতে মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজ রিপাবলিকান দলের সম্ভাব্য ১০ প্রেসিডেন্ট প্রার্থী বাছাই করেছে। টেক্সাসের সাবেক গভর্নর রিক পেরি ও দক্ষিণ ক্যারোলিনার সিনেটর লিন্ডসে গ্রাহাম এই তালিকার বাইরে রয়েছেন। এখন এই দুইজন ও অন্য ৫ সম্ভাব্য প্রার্থী মূল বিতর্কের বাইরে অন্য একটি বিতর্কে অংশ নেবেন।
বিতর্কে সকলেরই দৃষ্টি থাকবে হোটেল টাইকুন ডোনাল্ড ট্রাম্পের দিকে। রিপাবলিকানদের মধ্যে জনমত জরিপে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে খোলাখুলি মন্তব্য করে এরই মধ্যে নজর কেড়েছেন ট্রাম্প। আগামী বছর ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্র: বিবিসি

