রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষাতে পরিবর্তন আনা হয়েছে। সোমবার সন্ধ্যায় রুয়েটের জনসংযোগ দপ্তর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষার পদ্ধতি পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা ১০০% (শতভাগ) লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকবে মোট ৩৫ (পঁয়ত্রিশ) টি, যার সবগুলোর উত্তর লিখিতভাবে দিতে হবে। ভর্তি পরীক্ষার সময়কাল হবে ২ ঘন্টা এবং পূর্ণমান ৩৫০ নম্বর। এছাড়া আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের উপরোক্ত পরীক্ষা ছাড়াও মুক্তহস্ত অংকন পরীক্ষা দিতে হবে, যার সময়কাল হবে ০১ ঘন্টা এবং পূর্ণমান ১০০ নম্বর। রুয়েটে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার সময়সূচী খুব শিঘ্রই রুয়েটের ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশ করা হবে।
