সিরিয়ায় সোমবার অভিযান চলাকালে সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৭ জন নিহত হয়েছে। বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন আরিহা শহরের একটি ব্যস্ত মার্কেটের উপর বিমানটি বিধ্বস্ত হয়। খবর রয়টার্সের।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং তাদের লাশ ভূমিতে পড়ে রয়েছে।
দু’জন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সকালে দোকানদাররা তাদের দোকান খোলার পর বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ মার্কেটের উপর আছড়ে পড়ে। এর কয়েক সেকেন্ড আগেই বিমানটি থেকে ছোড়া একটি বোমা মার্কেটের কাছে শহরটির প্রধান সড়কে আঘাত হানে।
অবজারভেটরি জানিয়েছে, বিমানটিকে ভূপাতিত করা হয়নি।
সিরীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এ ঘটনার ব্যাপারে এখনো কোনো ধরনের মন্তব্য করা হয়নি।
গত মে’তে আরিহা শহরের দখল নেয় ইসলামপন্থী বিদ্রোহীরা। শহরটি তুরস্ক সীমান্ত সংলগ্ন ইদলিব প্রদেশে অবস্থিত।
ইদলিবে আল কায়েদার সিরীয় শাখা নুসরা ফ্রন্টের সঙ্গে লড়াই করছে আসাদের অনুগত সিরীয় বাহিনী।

