জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ খুনিকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করেছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বৃহস্পতিবার বাসসকে বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের শিগগিরই দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা তাদের বর্তমান অবস্থান সম্পর্কে ইন্টারপোলকে জানাবো।’
আগামী ১৫ আগস্ট জাতি বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী পালনকে সামনে রেখে তিনি এ কথা বলেন। এদিন কৃতজ্ঞ জাতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
আইজিপি বলেন, ‘বঙ্গবন্ধুর ১২ খুনীর মধ্যে ৬ জনের অবস্থান জানতে এবং তাদের বিদেশ থেকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা ইন্টারপোলের সহায়তা চাইবো।’ তিনি বলেন, তাদের দেশে ফিরিয়ে আনতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি।

