ভারতে 'পাকিস্তানি জঙ্গি' আটক

S M Ashraful Azom
গোলযোগপূর্ণ জম্মু ও কাশ্মিরে সীমান্তরক্ষী বাহিনীর গাড়িবহরে হামলার পর ভারতীয় বাহিনী এক জন 'পাকিস্তানি জঙ্গি'কে আটক করেছে বলে জানা গেছে। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর এই প্রথম জঙ্গি তৎপরতার অভিযোগে পাকিস্তানের নাগরিককে আটক করল ভারত।
 
ভারতীয় কর্মকর্তাদের দাবি, বুধবার ভোরে জম্মু-শ্রীনগর মহাসড়কে দুই জঙ্গি সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) গাড়ি বহরে হামলা চালায়। হামলায় দুই বিএসএফ সদস্য নিহত এবং আরো ১১ জন আহত হয়। হামলাকারীরা ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরে বিএসএফ-এর গাড়িবহরে আক্রমণ চালায় বলে জানানো হয়।
 
পুলিশ জানায়, আটক জঙ্গির নাম উসমান আলিয়াস কাসিম খান। তিনি পাকিস্তানের গুজরানওয়ালা এলাকার বাসিন্দা। জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সঙ্গে তার সম্পর্ক রয়েছে। পাহাড়ি একটি গ্রাম থেকে উসমানকে আটক করা হয়। তার বয়স ১৮ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
 
 
হামলার পরপরই বিএসএফ’র গুলিতে এক জঙ্গি নিহত হয় এবং অন্যজন পাহাড়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও তাকে অনুসরণ করে। স্থানীয়রা সাংবাদিকদের জানান, ছোট্ট পাহাড়ি গ্রাম ছিরদিতে অস্ত্রধারী এক ব্যক্তি প্রথমে তিনজন বেসামরিক মানুষকে জিম্মি এবং তাদের কাছ থেকে জোর করে খাবার সংগ্রহ করে। প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, পরে গ্রামবাসীরা তাকে ঘিরে ফেলে।
 
পুলিশ ইন্সপেক্টর জেনারেল ড্যানিশ রানা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উসমান জানিয়েছেন তিনি ফয়সালাবাদ থেকে এসেছেন। উসমান কোন রুটে এসেছেন আমরা তা খতিয়ে দেখব। তার লক্ষ্য কি সেটাও দেখা হবে।
 
ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানি ওই জঙ্গিকে গ্রেফতার এবং জিম্মিদের মুক্ত করা হয়েছে। আরো কোন জঙ্গি আছে কিনা তা খুঁজে দেখতে ঘটনাস্থলে তল্লাশি চলছে। উধামপুরের জম্মু-শ্রীনগর মহাসড়কে জঙ্গি হামলা দীর্ঘ ১৫ বছর পর এটিই প্রথম বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
 
 
হামলার পর রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইটারে মন্তব্য করেন, দীর্ঘদিন পর এখানে এমন শক্তিশালী হামলা হল। বিদ্রোহী-জঙ্গিমুক্ত এ অঞ্চলে এমন ঘটনা সত্যিই দুঃখজনক। এদিকে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন সন্ত্রাসী নিহত এবং একজন আটক হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে। সূত্র: আইএএনএস
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top