ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার সকাল ৯টায়। এবছর কিশোরগঞ্জের এই ঈদগাহে ঈদুল আজহার ১৮৮তম জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহ পরিচালনা কমিটি মাঠকে ঈদের নামাজ আদায়ের উপযুক্ত করার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। টানা বৃষ্টিতে প্রায় সারা মাঠ কর্দমাক্ত হয়ে গেছে। ঈদুল ফিতরের মতো এই ঈদে মুসল্লির সমাগম এতো না হলেও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে বাস, মিনিবাস, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা, পিকআপ ভ্যান প্রভৃতি যানবাহনে চড়ে মুসল্লিরা এসে নামাজ আদায় করে থাকেন। নামাজের পরপরই পশু কোরবানি দেয়ার তাড়া থাকায় দূর-দূরান্তের মুসল্লিরা সাধারণত: এই ঈদে নামাজ পড়তে আসেন না।
সূত্র জানায়, মাঠে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থায়ী ওজুখানা ছাড়াও বেশ কয়েক স্থানে অস্থায়ী ওজুখানা নির্মাণ করা হয়েছে। পানীয় জলের সংকট নিরসনের জন্য অস্থায়ীভাবে বেশ কয়েকটি নলকূপও স্থাপন করা হয়েছে। নামাজ শুরু হওয়ার ১৫ মিনিট আগে ৩ রাউন্ড, ৫ মিনিট আগে ২ রাউন্ড ও এক মিনিট আগে এক রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে মুসল্লিদের নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণের জন্য সতর্ক সংকেত দেয়া হবে।
এছাড়া ঈদের দিন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি স্পেশাল ট্রেন চালুর ব্যবস্থা করেছে। সকালে ট্রেন দুটি ভৈরব ও ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে। আবার নামাজ শেষে স্ব স্ব গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
ঈদগাহ পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, এ বছর জামাতে ইমামতি করবেন শহরের মার্কাস মসজিদের খতিব হিফজুর রহমান খান। শোলাকিয়া ঈদগাহের স্থায়ী ইমাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়াম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ এবছর পবিত্র হজব্রত পলন করতে যাওয়ায় ঈদগাহ পরিচালনা কমিটি হিফজুর রহমান খানকে এবছর শোলাকিয়া ঈদগাহে ঈদুল আজহার জামাতে ইমামতি পালনের দায়িত্ব প্রদান করেন।

