রাজধানীর সপ্তাহব্যাপী আয়কর মেলা মঙ্গলবার শেষ হচ্ছে। শনিবারও মেলায় করদাতাদের ব্যাপক সাড়া লক্ষ করা গেছে। স্বাভাবিক নিয়মে মেলা সকাল ১০টা থেকে বিকা ৫ পর্যন্ত চলার কথা থাকলেও রাজধানীর অফিসার্স ক্লাবে রাত আটটা পর্যন্ত চালু ছিল।
মেলাপ্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, সকালে বৃষ্টির বাগড়ায় করদাতাদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। ছুটির দিন হওয়ায় মেলায় চাকরিজীবীদের ভিড় বেশি ছিল। কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিবন্ধন, আয়কর রিটার্ন দাখিল ও মেলাপ্রাঙ্গণে অবস্থিত সোনালী ব্যাংকের বুথে কর প্রদান করেছেন করদাতারা।করদাতাদের জন্য অনলাইনে কর প্রদানের (ই-পেমেন্ট) ব্যবস্থাও রয়েছে। তবে ই-পেমেন্টে বড় আকারের কর প্রদান করা না গেলেও ছোট আকারের কর পরিশোধ করা যায় বলে জানা গেছে।
মেলাপ্রাঙ্গণে অবস্থিত সোনালী ব্যাংকের ই-পেমেন্ট বুথ থেকে জানা গেছে, মেলার প্রথম দিনে ৫৬ হাজার টাকা ই-পেমেন্টের মাধ্যমে জমা হয়েছে।দ্বিতীয় দিনে ২ লাখ ৭১ হাজার টাকা, তৃতীয় দিনে ১ লাখ ৮২ হাজার টাকা এবং শনিবার চতুর্থ দিনে প্রায় ৮ লাখ টাকা জমা হয়েছে ই-পেমেন্টের মাধ্যমে।

