স্কুল বাস দুর্ঘটনায় ৬ শিশু নিহত, চালক আটক

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের চাত্তানোগা এলাকায় সোমবার স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৬ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বাস চালককে গ্রেফতার করা হয়েছে।
 
বার্তা সংস্থা এএফপি জানায়, দুর্ঘটনার শিকার বাসটিতে কমপক্ষে ৩৫ শিক্ষার্থী ছিল এবং তাদের বয়স পাঁচ থেকে ১০ বছরের মধ্যে। স্থানীয় সময় সোমবার বিকেল চারটার দিকে স্কুল বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে হতাহতের এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, গাছটি বাসের মধ্যে ঢুকে গেছে।
 
দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। তবে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেনারেলের হ্যামিলটন কাউন্টি অফিসের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে নিহতের সংখ্যা ছয় বলে উল্লেখ করা হচ্ছে। তথ্যের সত্যতা নিশ্চিত করতে এএফপি যোগাযোগ করলে অফিস থেকে বলা হয়, তারা নিহতের কোন সংখ্যা জানায়নি। চাত্তানোগা পুলিশ প্রধান ফ্রেড ফ্লেটচার সাংবাদিকদের বলেন, বাসটিতে কিন্ডার গার্টেন থেকে পঞ্চম গ্রেডের মোট ৩৫ শিক্ষার্থী ছিল বলে ধারণা করা হচ্ছে। ফ্লেটচারের উদ্ধৃতি দিয়ে এনবিসি টেলিভিশন জানায়, শিক্ষার্থীদের মধ্যে ২৩ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
নগরীর পুলিশ বিভাগ এক টুইটার বার্তায় জানিয়েছে, দুর্ঘটনায় বেশ কয়েক শিশু নিহত হয়েছে। তবে এর প্রকৃত সংখ্যা জানানো হয়নি।
 
ফ্লেটচার বলেন, দুর্ঘটনার সময় বাসের গতি কত ছিল তা তদন্ত করা হচ্ছে। জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ড জানায়, দুর্ঘটনা তদন্তে মঙ্গলবার সকালে একটি দল কাজ শুরু করবে। বাসস ও সিএনএন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top