
সেবা ডেস্ক: দিনাজপুর শহরের পাটুয়াপাড়ায় রবিবার শীতের রাতে ঝোপের মধ্যে এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে।
শিশুটিকে দত্তক নেয়ার জন্য এ পর্যন্ত ২৫ জন আবেদন করেছেন। পুলিশ জানায়, আইন মোতাবেক শিশুটিকে নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেয়া হবে।
রবিবার রাতে পাটুয়াপাড়ার একটি পুকুরের পাশের এক ঝোপে নবজাতকের কান্না শুনে এলাকার তরুণ আহনাফ হাবিব (অর্ণব) ছুটে এসে সদ্যজাত শিশুকে কাপড় বিহীন অবস্থায় উদ্ধার করে সাথে সাথে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করেন। দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ হালিমা সরকার ও শিশু বিভাগের ইনচার্জ নার্স বিলকিস আরা জানান, শিশুটি ভালো আছে। তাকে উপযুক্ত চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে নবজাতক উদ্ধারের খবর পেয়ে অনেক দম্পতি তাকে দত্তক হিসেবে গ্রহণের জন্য আবেদন করেছেন। উদ্ধারকারী তরুণ আহনাফ হাবিবের মা মনোয়ারা হক শিশুটিকে দত্তক নেয়ার জন্য আবেদন করেছেন। তবে কোতোয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, শিশুটিকে দত্তক নেয়ার জন্য ২৫ জন ইতিমধ্যে আবেদন করেছেন। আইন অনুযায়ী নিঃসন্তান দম্পতির কাছে শিশুটিকে দেয়া হবে। ঘটনাটি শহরে আলোড়ন সৃষ্টি করেছে।