গ্রামবাসীর বাধায় সুধাংশু কুমারের দাহ হলো শ্বশুরবাড়িতে

S M Ashraful Azom
0
গ্রামবাসীর বাধায় সুধাংশু কুমারের দাহ হলো শ্বশুরবাড়িতে
উপ-কর কমিশনার সুধাংশু কুমার সাহার দাহ করার ব্যবস্থা করছেন ঘাটাইল উপজেলা প্রশাসন। ইনসেটে সুধাংশু কুমার সাহা

ঘাটাইল প্রতিনিধি: গ্রামবাসীর বাধার কারণে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া উপ-কর কমিশনার সুধাংশু কুমার সাহার দাহ তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচির গাড়ামাসিতে হয়নি। পরে তার শ্বশুরবাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে প্রশাসনের সহায়তায় মৃতদেহ দাহ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকালে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার উপস্থিত থেকে শ্বশুরবাড়ির পারিবারিক শ্মশানঘাটে দাহ করা হয়। দাহ কার্যে তার পরিবারের কেউ উপস্থিত ছিল না। ইউএনও অঞ্জন কুমার সরকার সুধাংশু কুমারের স্ত্রীর বরাত দিয়ে বুধবার (১০ জুন) সকালে বলেন, গ্রামের বাড়িতে স্থানীয়রা মৃতদেহ দাহ করতে বাধা দেয়। পরে তার মৃতদেহ শ্বশুরবাড়ি ঘাটাইলে দাহ করতে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। ঘাটাইলে তার মৃতদেহ আনা হলে সেখানেও স্থানীয় লোকজন বাধা দেয়। পরে তাদেরকে বুঝিয়ে সেখানকার শ্মশানঘাটে দাহ করা হয়েছে।
সুধাংশু কুমারের স্ত্রী মানসী বলেন, তার স্বামীর নিজ বাড়িতে দাহ করার কথা ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় গ্রামের লোকজন বিরোধিতা করায় সেখানে দাহ করা সম্ভব হয়নি। পরে তার বাবার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলের পাড়াগ্রামের শ্মশানঘাটে উপজেলা প্রশাসনের সহযোগিতায় দাহ সম্পন্ন হয়।

তিনি আরও বলেন, ‘আমি ও আমাদের ৬ বছরের মেয়ে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার বাসাতেই চিকিৎসা নিচ্ছি। করোনা আক্রান্ত হওয়ায় বাসা লকডাউন করা হয়েছে। বাসা থেকে বের হতে দিচ্ছে না। মৃত্যুকালে আমার স্বামীর কাছে যেতে পারি নাই। তার শেষকৃত্য দেখতে পারি নাই। মেয়েও তার বাবাকে শেষ দেখা দেখতে পেলো না।’

প্রসঙ্গত, সুধাংশু কুমার ২৭তম বিসিএসে সরকারি চাকরিতে যোগ দেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ জুন) তিনি মারা যান।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top