
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে একটি মোটরসাইকেলসহ ৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুর উপজেলার তালতা এলাকার আফছার আলীর ছেলে মোন্নাফ হোসেন (৩২), খোন্দকারটোলা এলাকার আকতার হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (৩৫) ও ধুনট উপজেলার পাঁচথুপি গ্রামের মসলিম উদ্দিনের ছেলে নাসিম হোসেন (২৪)।
মঙ্গলবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে সোমবার মধ্যরাতে মোটরসাইকেল ও ছয় বোতল ফেন্সিডিলসহ ধুনট-মথুরাপুর সড়কের মাটিকোড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তারকৃত তিন যুবক এলাকার চিহ্নিত মাদক কারবারি। অন্যান্য দিনের ন্যায় সোমবার রাতে তারা হুকুমআলী-মাটিকোড়া এলাকায় ফেন্সিডিল বিক্রি করছিলেন। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করেছেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনী মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।