![]() |
| ইসলামপুরে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানোৎসবে হাজারো পুণ্যার্থীর ঢল |
ব্রহ্মপুত্রে পাপ মোচনের আকুতি: ইসলামপুরে উৎসাহ-উদ্দীপনায় অষ্টমী স্নান সম্পন্ন
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) চৈত্র মাসের অষ্টমী তিথিতে পাপ মোচনের উদ্দেশ্যে ভোর থেকেই হাজারো পুণ্যার্থী ব্রহ্মপুত্র নদের জলে পুণ্যস্নান সম্পন্ন করেন।
উপজেলার বীর উত্তম খালেদ মোশাররফ সেতু সংলগ্ন পাইলিং ঘাট এলাকায় এই বিশাল স্নানোৎসবের আয়োজন করা হয়।
ভোরবেলা থেকেই দূর-দূরান্ত থেকে আসা নারী-পুরুষ ও শিশুসহ সকল বয়সের পুণ্যার্থীদের ঢল নামে নদের ঘাটে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ তিথিতে ব্রহ্মপুত্র নদে স্নান করলে জীবনের সকল পাপ মোচন হয়। স্নান শেষে ভক্তরা নদের তীরে পূজা-অর্চনা ও তর্পণ করেন।
উৎসবে উপস্থিত ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি নারায়ণ কর্মকার, গৌর নিতাই আশ্রম হরিসভা মন্দিরের সহ-সভাপতি বিপুল মিয়া এবং সাবেক ব্যাংকার প্রদ্যুৎ নারায়ণ দাসসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
স্নানোৎসবকে কেন্দ্র করে ঘাট এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ইসলামপুর থানা পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় ও পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবারের এই বৃহৎ ধর্মীয় আয়োজন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।