![]() |
| ইসলামপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: নিজের জমিতে দোকান করতে দিয়ে উল্টো মামলার হুমকি |
উন্নয়নের স্বার্থে দোকান সরাতে বলায় শত্রুতা: ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ
নিজের জমিতে ভাতিজাকে ব্যবসা করার সুযোগ করে দিয়ে এখন উল্টো মিথ্যা অভিযোগ ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাহাদুর আলম বেপারী। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে ফুলকার চর গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বাহাদুর আলম বেপারী বলেন, "সম্প্রতি একটি মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমার এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাঁদাবাজি ও দোকান ভাঙচুরের মিথ্যা সংবাদ প্রচার করেছে। প্রকৃতপক্ষে, ফুলকার চর কামার বাড়ি থেকে খালের পাড় পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ কাজের সুবিধার্থে আমি আমার জায়গায় থাকা ভাতিজা নুর ইসলামের দোকানটি অন্যত্র সরিয়ে নিতে বলি। কারণ দোকানটির আংশিক অংশ রাস্তার মাঝখানে পড়ায় উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছিল।"
তিনি আরও অভিযোগ করেন, দোকান সরিয়ে নিতে বলায় ভাতিজা নুর ইসলাম গাম্ভির ও তাঁর সহযোগীরা উল্টো মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দেয়। শুধু তাই নয়, শত্রুতার জেরে রাতের আঁধারে তাঁর আবাদি ধান ক্ষেতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন এই বিএনপি নেতা।
সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকাবাসী জানান, এলাকার উন্নয়নের স্বার্থে স্থানীয়রা মিলে দোকানটি সরিয়ে দিলেও নুর ইসলাম গাম্ভির, লিটন মিয়া, রেজাউল হকসহ একটি পক্ষ বিষয়টি নিয়ে রাজনীতি শুরু করে এবং মিথ্যা সংবাদ প্রচার করে। বর্তমানে বাহাদুর আলম ও তাঁর পরিবার প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন বলে জানানো হয়।
ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং এলাকার উন্নয়ন কাজ সচল রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও জীবনের নিরাপত্তা কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার রূপচান বেপারী, হাজী মুক্তার আলী, সাইদুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।