![]() |
| ইসলামপুরে কিশোরের রহস্যজনক মৃত্যু: কবুতর চুরির অপবাদ নাকি আত্মহত্যা? |
মৃত্যু নিয়ে একেকজনের একেক বক্তব্য: ইসলামপুরের চরাঞ্চলে কিশোর ফারদিনের রহস্যজনক বিদায়
জামালপুরের ইসলামপুর উপজেলায় ফারদিন শেখ (১৩) নামের এক কিশোরের মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোররাতে উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনার দুর্গম চরাঞ্চল পশ্চিম মুন্নিয়াচর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফারদিন ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
ঘটনার বিবরণে স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দিঘলকান্দি গ্রামে কবুতর চুরির অপবাদ দিয়ে ফারদিন এবং ইয়ামিন নামের আরও এক কিশোরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাদের 'শাসন' করা হয় বলে অভিযোগ রয়েছে। মুন্নিয়াচর এলাকার সাবেক যুবদল নেতা আফসার উদ্দিন আকন্দ জানান, ফাঁদ পেতে কবুতর ধরাকে কেন্দ্র করে ওই কিশোরকে শাসন করা হয়েছিল এবং সেই অভিমানেই সে বাড়িতে ফিরে গোয়ালঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তবে নিহতের পরিবারের দাবি সম্পূর্ণ ভিন্ন। ফারদিনের মা ফরিদা বেগম জানান, ফারদিনের তীব্র পেটের ব্যথা ছিল। সেই ব্যথার যন্ত্রণা সইতে না পেরে সে গলায় ফাঁস দিয়েছে। স্থানীয়দের 'চুরির অপবাদ ও শাসন' এবং পরিবারের 'পেটের ব্যথা'—এই দুই ধরনের বক্তব্যে এলাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয় সুধীমহল মনে করছেন, সঠিক তদন্তের মাধ্যমেই প্রকৃত রহস্য উদ্ঘাটন সম্ভব।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।