![]() |
| জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক কারবারী গ্রেপ্তার |
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: জামালপুরে ডিবি পুলিশের জালে ৫ কারবারী
জামালপুর জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পাঁচজন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর উপজেলার পৃথক এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম অভিযানটি পরিচালিত হয় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর বাজার এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ মো. সাইদুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
দ্বিতীয় অভিযানটি রাত ৯টার দিকে জামালপুর সদর উপজেলার ছোনকান্দা এলাকায় পরিচালিত হয়। সেখান থেকে মো. মুন্না (৩২), আফ্রিদী ইসলাম (৩০), আরিফুল ইসলাম রনি (৪২) ও রাশেদ মোশারফ বাবুকে (৩১) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ টাকা।
এ ঘটনায় জামালপুর সদর থানা ও দেওয়ানগঞ্জ থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের শুক্রবার বিকেলেই আদালতে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন এ বিষয়ে বলেন, "আমরা জেলাকে মাদকমুক্ত করতে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছি। আমাদের নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সাধারণ মানুষের তথ্য দিয়ে সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।