![]() |
| বিশ্বকাপের ফাইনাল মাঠে বসে দেখবে স্পেনের রাজপরিবার, প্রতিপক্ষ আর্জেন্টিনা |
বিশ্বকাপের ফাইনাল মাঠে বসে দেখবে স্পেনের রাজপরিবার, প্রতিপক্ষ আর্জেন্টিনা
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা এখন তুঙ্গে। আগামী রোববার নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার মুকুটের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের পরাশক্তি স্পেন। বহুল প্রতীক্ষিত এই হাইভোল্টেজ ম্যাচের উত্তেজনা এবার ছড়িয়ে পড়েছে রাষ্ট্রীয় ও রাজকীয় পর্যায়েও। নিজেদের জাতীয় দলকে মাঠ থেকে অনুপ্রেরণা দিতে গ্যালারিতে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছে স্পেনের রাজপরিবার।
স্পেনের রাজপ্রাসাদ (রয়্যাল প্যালেস) থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, মেটলাইফ স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে সশরীরে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচটি উপভোগ করবেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাঁদের দুই কন্যা প্রিন্সেস লিওনর ও প্রিন্সেস সোফিয়া।
স্পেনের ফুটবলের প্রতি রাজপরিবারের এই ভালোবাসা অবশ্য নতুন কিছু নয়। এর আগেও জাতীয় দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে গ্যালারিতে স্পেনের রাজপরিবারের সদস্যদের দেখা গেছে। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে উরুগুয়ের বিপক্ষে স্পেনের হাইভোল্টেজ ম্যাচটিতেও গ্যালারিতে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেছিলেন স্বয়ং রাজা ফিলিপ।
এবারের বিশ্বকাপে শুরু থেকেই অপ্রতিরোধ্য গতিতে ছুটছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। প্রতিপক্ষকে বিন্দুমাত্র সুযোগ না দিয়ে শক্তিশালী রক্ষণভাগ এবং নিখুঁত পাসিং ফুটবলের শৈলীতে টুর্নামেন্টের সেরা দলে পরিণত হয়েছে লা রোহারা। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে স্প্যানিশরা। রক্ষণভাগের এই ইস্পাতকঠিন দৃঢ়তায় এবারের আসরে ইতিমধ্যে ছয়টি ম্যাচে ‘ক্লিন শিট’ রেখে বিশ্বকাপের ইতিহাসে নতুন কীর্তি গড়েছে স্পেন। বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকা দলটি ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্নপূরণ থেকে মাত্র এক ম্যাচ দূরে দাঁড়িয়ে।
অন্যদিকে, ফুটবল জাদুকর লিওনেল মেসি ও আর্জেন্টিনার নজর টানা দ্বিতীয়বারের মতো সোনালী ট্রফিটি নিজেদের করে রাখার। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা লিওনেল স্কালোনির দল শক্তিশালী স্পেনের বিরুদ্ধে নিজেদের সেরা কৌশলটাই মাঠে ঢেলে দিতে প্রস্তুত। একদিকে লাতিন আমেরিকার নান্দনিক ফুটবল, অন্যদিকে ইউরোপের নিখুঁত পাওয়ার ফুটবল—দুই পরাশক্তির এই ফাইনাল যে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক লড়াই হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য। আর সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতেই নিউ জার্সিতে হাজির হচ্ছে স্পেনের রাজপরিবার।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।