![]() |
| ইসলামপুরে যমুনা নদীতে জাল চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ২ |
ইসলামপুরে যমুনা নদীতে জাল চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ২
জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে তাড়া করে নুর মোহাম্মদ (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় ক্ষুব্ধ জেলেদের হামলায় আরও দুজন মারাত্মক আহত হয়েছেন।
আজ শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়নের বরুল এলাকায় নদীপথে এ ঘটনা ঘটে।
নিহত নুর মোহাম্মদ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের ময়েন শেখের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন—গাইবান্ধার বাটিকামারি এলাকার ছলিম বেপারীর ছেলে জাহাঙ্গীর (৩৮) এবং দেওয়ানগঞ্জ উপজেলার বরখাল গ্রামের ইসমাইলের ছেলে রফিকুল (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টার দিকে একটি ছোট নৌকাযোগে নুর মোহাম্মদসহ তিনজন যমুনা নদীর বরুল এলাকায় যান। এ সময় স্থানীয় জেলেরা তাঁদের জাল চোর সন্দেহে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তাঁরা নৌকা নিয়ে গুঠাইল এলাকার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেখানকার জেলেরাও তাঁদের পিছু নেন। পরে উলিয়া এলাকায় গিয়ে তাঁদের ধরে ফেলেন স্থানীয় জেলেরা। সেখানে উত্তেজিত জনতা ও জেলেরা তাঁদের ধরে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলেই নুর মোহাম্মদের মৃত্যু হয়। এ ঘটনায় অপর দুজন গুরুতর আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “জাল চুরির সন্দেহে গণপিটুনিতে একজন নিহত ও দুজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ শুরু করেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।