![]() |
| বৈলডাঙ্গা বিলে ফুটছে লাল শাপলা, মন জুড়াচ্ছে দর্শনার্থীদের |
বৈলডাঙ্গা বিলে ফুটছে লাল শাপলা, মন জুড়াচ্ছে দর্শনার্থীদের
ভোরের সূর্য ওঠার আগেই স্বচ্ছ টলমলে পানিতে ফুটে উঠছে জলজ ফুলের রানি শাপলা। ভাদ্রের হাওয়ায় দুলতে থাকা রক্তলাল শাপলার মাঝে মাছরাঙা ও সাদা বকের আনাগোনা—এক মনোরম দৃশ্য। শাপলার লাল আর প্রকৃতির সবুজের এই সমারোহে রূপসী হয়ে উঠেছে জামালপুরের ইসলামপুর উপজেলার ঐতিহ্যবাহী বৈলডাঙ্গা বিল।
সরেজমিনে দেখা গেছে, ইসলামপুর পৌর এলাকার টংগের আগলা ও পাথর্শী ইউনিয়নের পূর্ব হাড়িয়াবাড়ী গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একসময়ের খরস্রোতা বৈলডাঙ্গা বিল। হাড়িয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের সামনের বিলেই ফুটেছে এই রক্তলাল শাপলা। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই দৃশ্য দেখতে প্রতিদিন নানা বয়সের দর্শনার্থীরা ভিড় করছেন। কেউ ঘুরে ঘুরে ছবি ও সেলফি তুলছেন, আবার কেউ তুলে নিচ্ছেন শাপলা ফুল।
ঘুরতে আসা স্থানীয় শিক্ষিকা রোকেয়া আক্তার বলেন, “বিলে ফুটে থাকা শাপলা দেখলে মন জুড়িয়ে যায়। ফুল ও পাতার ছোঁয়ায় মনে হয় সৌন্দর্যের কোনো লীলাভূমিতে এসেছি।” অন্য এক দর্শনার্থী শামিম মিয়া জানান, বিনোদনের পর্যাপ্ত সুযোগ না থাকায় এই প্রাকৃতিক সৌন্দর্যই এখন তাঁদের আনন্দের উৎস।
তবে বিলে দর্শনার্থীদের আনাগোনা বাড়ার পাশাপাশি অযাচিতভাবে ফুল ছেঁড়ার কারণে বিরূপ প্রভাব পড়ছে। স্থানীয়দের অভিযোগ, ছবি তোলার জন্য কিংবা বাড়ি নিয়ে স্বজনদের উপহার দেওয়ার উদ্দেশ্যে অনেকেই ঢালাওভাবে শাপলা তুলে ফেলছেন, এতে দ্রুত বিনষ্ট হচ্ছে বিলের সৌন্দর্য।
অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজ উদ্দিন জানান, এক দশক আগেও বিভিন্ন খাল-বিলে লাল ও সাদার পাশাপাশি গোলাপি, বেগুনি, নীল ও বিরল প্রজাতির হলুদ শাপলা দেখা যেত, যা এখন প্রায় বিলুপ্তির পথে। জলাশয় ভরাট, কৃষিজমিতে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক এই সম্পদ হারিয়ে যাচ্ছে। অথচ শাপলার ফল ‘ড্যাপ’ দিয়ে তৈরি খই গ্রামবাংলার বেশ জনপ্রিয় খাবার। এ ছাড়া পুষ্টি ও ক্যালসিয়ামে সমৃদ্ধ এই সবজি ভেষজ গুণেও ভরপুর এবং লাল শাপলা চুলকানি ও আমাশয় নিরাময়ে সাহায্য করে।
বৈলডাঙ্গা বিলের প্রাকৃতিক এই সৌন্দর্য ও পরিবেশ টিকিয়ে রাখতে সবাইকে ফুল না ছেঁড়ার এবং বিল সংরক্ষণের আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।