![]() |
| ইসলামপুরে সভাপতি স্বাক্ষর জাল করে এতিমখানার ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ |
ইসলামপুরে সভাপতি স্বাক্ষর জাল করে এতিমখানার ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
জামালপুরের ইসলামপুর উপজেলায় এতিমখানার সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে সরকারের ক্যাপিটেশন গ্রান্ট প্রকল্পের প্রায় ৬ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক সুপারের বিরুদ্ধে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এতিমখানা ব্যবস্থাপনা কমিটির সভাপতি। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্তে কমিটি গঠন করেছেন ইউএনও।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চর পুটিমারী ইউনিয়নের বেনুয়ার চর আশরাফুল উলূম হাফেজিয়া মাদ্রাসা ও আব্দুল মালেক মন্ডল এতিমখানার ২২ জন শিক্ষার্থীর নামে সমাজসেবা অধিদপ্তর থেকে ক্যাপিটেশন গ্রান্টের অর্থ বরাদ্দ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি পরিচালনায় সার্বিক দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল সুপার আনোয়ার হোসেনকে। কিন্তু সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ মাস্টারকে না জানিয়ে, তাঁর স্বাক্ষর জাল করে গত ২১ মাসের তিনটি কিস্তির মোট ৫ লাখ ৯৪ হাজার টাকা ব্যাংক থেকে তুলে নেন সুপার আনোয়ার হোসেন।
পরবর্তী সময়ে বিষয়টি জানাজানি হলে সভাপতির প্রশ্নের মুখে সুপার স্বাক্ষর দেওয়ার কথা স্বীকার করলেও অর্থ হিসাব দিতে তালবাহানা শুরু করেন। বাধ্য হয়ে গত ১০ আগস্ট জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানান সভাপতি।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতিষ্ঠানে এ ধরনের দুর্নীতি অত্যন্ত দুঃখজনক। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান তাঁরা।
তবে জালিয়াতির অভিযোগ অস্বীকার করে সুপার আনোয়ার হোসেন বলেন, “সভাপতি অনুপস্থিত থাকায় আমি তাঁর সঙ্গে কথা বলেই স্বাক্ষর দিয়ে তিন কিস্তির টাকা তুলেছি।”
উপজেলা সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা রুহুল আমীন জানান, ইউএনও কার্যালয় থেকে তদন্তের নির্দেশ পেয়ে কাজ শুরু হয়েছে। দ্রুতই নিরপেক্ষ প্রতিবেদন জমা দেওয়া হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের বলেন, “স্বাক্ষর জালিয়াতি ও টাকা আত্মসাতের একটি লিখিত অভিযোগ পেয়েছি। উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সতত্যা প্রমাণ হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।