![]() |
| উল্লাপাড়ায় ধানখেতে পোনামাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু |
উল্লাপাড়ায় ধানখেতে পোনামাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ির পাশে নৌকা নিয়ে ধানখেতে পোনামাছ ধরতে গিয়ে বজ্রপাতে জিল্লার হোসেন (৫০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১২ আগস্ট) ভোরে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চকপাঙ্গাসী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিল্লার হোসেন ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ওমর আলীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ভোর সাড়ে পাঁচটার দিকে জিল্লার হোসেন নিজ বাড়ির পাশে প্লাবিত ধানখেতে নৌকা নিয়ে পোনামাছ ধরতে যান। ওই সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হঠাৎ তীব্র বজ্রপাত শুরু হয়। খেতেই বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলে মারা যান।
পরবর্তীতে পাশের গ্রামের এক ব্যক্তি পানির মধ্যে মরদেহ ভেসে থাকতে দেখে চিৎকার শুরু করেন। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে মরদেহটি জিল্লার হোসেনের বলে শনাক্ত করেন এবং খবরটি পুলিশকে অবহিত করেন।
বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।