![]() |
| উল্লাপাড়ায় টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনরায় তদন্তের দাবি |
উল্লাপাড়ায় টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনরায় তদন্তের দাবি
সরকারি নীতিমালা ও শর্তাবলি তোয়াক্কা না করে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।
উধুনিয়া ইউনিয়নের স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের আবেদন বাদ দিয়ে পাশের অন্য ইউনিয়নের এক আবেদনকারীকে ডিলারশিপ অনুমোদন দেওয়ার প্রতিবাদে গতকাল রোববার সকালে টিসিবির চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন বঞ্চিত এক ব্যবসায়ী।
লিখিত অভিযোগটি দায়ের করেন স্থানীয় মেসার্স ইনসাফ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. লতিফ প্রাং।
অভিযোগে তিনি উল্লেখ করেন, উধুনিয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ও ব্যবসায়ী হিসেবে নিয়ম মেনে তিনি টিসিবির ডিলারশিপের জন্য আবেদন (আইডি নং: ১৮৪১৪) করেছিলেন। আবেদনের জন্য টিসিবির নির্ধারিত সকল শর্ত পূরণ করার পাশাপাশি উক্ত ইউনিয়নের গজাইল বাজারে তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ও মালামাল সংরক্ষণের জন্য বৈধ গোডাউন রয়েছে। এবার ডিলার নিয়োগে মোট ১৮টি আবেদন জমা পড়েছিল।
লতিফ প্রাং অভিযোগ করে আরও বলেন, “স্থানীয় বৈধ আবেদনকারীদের যাচাই-বাছাই না করে অসাধু উপায়ে বিপুল অঙ্কের লেনদেনের মাধ্যমে পার্শ্ববর্তী পূর্ণিমাগাঁতী ইউনিয়নের মেসার্স আদিয়াত স্টোরের স্বত্বাধিকারী মো. আশরাফুল ইসলামকে উধুনিয়া ইউনিয়নের টিসিবি ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যা সরকারি নীতিমালার সম্পূর্ণ লঙ্ঘন।” তিনি এই অবৈধ নিয়োগ চুক্তি বাতিল করে পুনরায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্থানীয় প্রকৃত ব্যবসায়ীদের ডিলার নিয়োগের জোর দাবি জানান।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নিয়োগপ্রাপ্ত ডিলার মো. আশরাফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আনিছুর রহমান জানান, “উধুনিয়া ইউনিয়নে ডিলার নিয়োগসংক্রান্ত কোনো লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”




খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।