![]() |
| রৌমারীতে অগ্নিকাণ্ডে পুড়ল বসতবাড়ি, ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি।। ছবি : চ্যাট জিপিটি |
রৌমারীতে অগ্নিকাণ্ডে পুড়ল বসতবাড়ি, ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি দীর্ঘ আধাপাকা বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। এতে ঘরে থাকা নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ আনুমানিক ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের বাউসমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাউসমারী গ্রামের রফিউল ইসলাম মিস্ত্রির ঘর থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা উঠতে দেখেন বাড়ির সদস্যরা। তাঁদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত রফিউল ইসলাম মিস্ত্রি, আজাহার আলী, ইসলাম উদ্দিন ও আজগর আলী জানান, আগুনে তাঁদের আসবাবপত্র, পরিধেয় বস্ত্র, জমানো টাকা ও প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। সব মিলিয়ে এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত বাড়ির দিকে যাওয়ার সুনির্দিষ্ট ও উপযুক্ত রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে কিছুটা সমস্যায় পড়তে হয়।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।