![]() |
| রৌমারীতে গোলাপী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩ |
রৌমারীতে গোলাপী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩
কুড়িগ্রামের রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূ গোলাপী খাতুন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল বুধবার (৫ আগস্ট) র্যাব-১৩ ও র্যাব-৪-এর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—উপজেলার বাঁশবাড়ী এলাকার মৃত গোলাম বকসের ছেলে ও মামলার প্রধান আসামি হাসিনুর রহমান, মৃত নূর বকসের ছেলে মো. আব্দুল মতিন এবং মৃত আলীম উদ্দিনের ছেলে রহমত আলী। পরবর্তীতে আসামিদের রৌমারী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গোলাপী খাতুনের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বিরোধ নিষ্পত্তির কথা বলে গত ২৬ জুলাই গোলাপীকে ডেকে নিয়ে যান আসামিরা। ওই দিন থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরবর্তীতে ৩০ জুলাই এলাকার একটি খালের পানিতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার পর নিহত গৃহবধূর ভাই বেলাল হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।