রৌমারীতে নিখোঁজের ৩ দিন পর খালের পানি থেকে গৃহবধূর লাশ উদ্ধার
কুড়িগ্রামের রৌমারীতে নিখোঁজের তিন দিন পর খালের পানি থেকে গোলাপি খাতুন (৩৫) নামে এক গৃহবধূর ভাসমান লাশ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বাওয়ার গ্রাম সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত গোলাপি খাতুন বাওয়ার গ্রামের সৈয়দ আলীর স্ত্রী এবং একই উপজেলার যাদুকর ইউনিয়নের শিবেরডাঙ্গি গ্রামের আব্দুল গফুরের মেয়ে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা পুলিশ স্পষ্ট করে বলতে না পারলেও ভুক্তভোগী পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি গোলাপি খাতুন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজেও তাঁর সন্ধান পাননি। আজ সকালের দিকে দুবলাবাড়ী গ্রামের পাশের একটি খালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে পানিতে একটি লাশ ভাসতে দেখেন।
বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ভিড় জমায়। খবর পেয়ে রৌমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খালের পানি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পরিবার এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, “খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।