![]() |
| ড. ইউনূসকে সাথে নিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন তারেক রহমান |
রক্তক্ষয়ী অভ্যুত্থানের স্মৃতি নিয়ে চালু হলো ‘জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর’
চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতিচিহ্ন ও দলিল সংরক্ষণ কল্পে সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবন’-কে রূপান্তর করে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
আজ বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এই জাদুঘরের স্মারক ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্মোচনের পর দোয়া, মোনাজাত ও সুরা ফাতেহা পাঠ করা হয়।
ফলক উন্মোচন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরের বিভিন্ন গ্যালারি, প্রদর্শনী কক্ষ ও সংরক্ষিত স্মৃতিচিহ্ন ঘুরে দেখেন। সেখানে তিনি আন্দোলনের নানা ঐতিহাসিক মুহূর্তের আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিলপত্র এবং অভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মারকগুলো নিবিড়ভাবে পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, ছাত্র-জনতার অকুতোভয় অংশগ্রহণ এবং স্বৈরাচার পতনের চূড়ান্ত বিজয়ের ওপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
স্মরণীয় এই উদ্বোধনী আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং গণভবনটিকে গণঅভ্যুত্থানের স্মারক জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেয়। আজ আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে নতুন রূপে সাজানো গণভবনে এই জাদুঘরের পর্দা উঠল।
বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে চব্বিশের গণঅভ্যুত্থান এক অবিস্মরণীয় ঘটনা। গণমানুষের সেই গৌরবময় লড়াইয়ের সত্য ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরতেই গণভবনে এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।
উদ্বোধনের দিন আজ কেবল আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত রাখা হলেও আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরটির দুয়ার পুরোপুরি খুলে দেওয়া হবে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।