![]() |
| উত্তরাঞ্চলে বন্যার আভাস, আগামী সপ্তাহে প্লাবিত হতে পারে ৭ জেলা |
উত্তরাঞ্চলে বন্যার আভাস, আগামী সপ্তাহে প্লাবিত হতে পারে ৭ জেলা
টানা অতিবৃষ্টি, উজানের পাহাড়ি ঢল ও মারাত্মক পাহাড়ধসের কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলো যখন বিপর্যস্ত, ঠিক তখনই দেশের উত্তরাঞ্চলে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে উত্তরাঞ্চলের অন্তত সাতটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
আজ শুক্রবার (১৭ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই পূর্বাভাসের কথা জানানো হয়েছে। তবে একই সময়ে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে জানান, আগামী সপ্তাহের মধ্যবর্তী সময়ে (১৯ থেকে ২৩ জুলাই) দেশের অভ্যন্তরে এবং উজানে ভারতীয় অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি দ্রুত বৃদ্ধি পাবে। পানি বৃদ্ধি পেয়ে নদীগুলো আগামী তিন দিন কিছু কিছু পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
নদীগুলোর বর্তমান পরিস্থিতি ও পূর্বাভাস:
পাউবোর তথ্য অনুযায়ী, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু স্থানে সতর্কসীমায় বা তার কাছাকাছি প্রবাহিত হতে পারে। এর ফলে এই নদীসংলগ্ন চরাঞ্চল ও অববাহিকার নিম্নাঞ্চলগুলো আকস্মিক প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
অন্যদিকে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলায় সুরমা ও কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে। তবে নতুন করে ভারী বৃষ্টিপাত হলে সেখানকার পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
টানা বৃষ্টির পর গত তিন দিন ধরে দেশের কিছু কিছু অঞ্চলের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও, উত্তরাঞ্চলে নতুন করে বন্যার এই পূর্বাভাসে চরাঞ্চল ও নদী তীরবর্তী অবাহিকার বাসিন্দাদের মাঝে আগাম আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসনকে নদী ভাঙন ও সম্ভাব্য বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।