![]() |
| আগামী ৫ বছরে কৃষকদের সৌরবিদ্যুৎচালিত পাম্প দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর |
আগামী ৫ বছরে কৃষকদের সৌরবিদ্যুৎচালিত পাম্প দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
কৃষি উৎপাদন বৃদ্ধিতে সেচ খরচ কমাতে আগামী পাঁচ বছরের মধ্যে ডিজেলচালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দীন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে সরকারের এই পরিবেশবান্ধব ও কৃষি সহায়ক সিদ্ধান্তের কথা জানান।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে তিনটায় অধিবেশন শুরু হয়, যার প্রথম ৩০ মিনিট ছিল নির্ধারিত 'প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব'।
নবায়নযোগ্য জ্বালানির সুদূরপ্রসারী লক্ষ্যমাত্রা:
অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানি খাতের কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, ২০২৬-২০৩০ মেয়াদের জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র অনুযায়ী ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫,৫০০ মেগাওয়াট এবং ভূমিভিত্তিক সোলার থেকে ৪,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সোলার যন্ত্রাংশে শুল্কছাড় ও ১০.৫০ টাকা রেট:
প্রধানমন্ত্রী জানান, সৌরবিদ্যুৎ উৎসাহিত করতে সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারিসহ আনুষঙ্গিক পণ্যের ওপর কাস্টমস ডিউটি ও সম্পূরক শুল্ক ছাড় দেওয়া হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে যেসব গ্রাহক ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেবেন, তারা পরবর্তী ৩ বছর (২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত) প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সর্বোচ্চ ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাবেন।
পরিবেশ ক্ষতিকারক লেড ব্যাটারি বর্জন, লিথিয়ামে জোর:
সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, পরিবেশ ক্ষতিকারক এসিডযুক্ত ‘লেড ব্যাটারি’ পরিহার করে সরকার পরিবেশবান্ধব ‘লিথিয়াম ব্যাটারি’ ব্যবহারে কঠোর জোর দিচ্ছে। দেশে লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারী কারখানা স্থাপনে সরকার সব ধরনের সহায়তা প্রদান করবে এবং ভবিষ্যতে ছাদভিত্তিক সোলারের ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারির ব্যবহার বাধ্যতামূলক করা হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।