![]() |
| নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান |
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী আসন থেকে উঠে পাশে থাকা নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন এবং একটি লাল গোলাপ উপহার দিয়ে অভিনন্দন জানান।
এ সময় জাতীয় সংসদের সকল সদস্য টেবিল চাপড়ে নতুন নতুন রাষ্ট্রপতিকে অভিবাদন জানান। জবাবে মির্জা ফখরুল হাত তুলে সংসদ সদস্যদের সালাম ও আন্তরিক ধন্যবাদ জানান।
পরবর্তীতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ট্রেজারি বেঞ্চের দিকে এগিয়ে এলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে গিয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে কোলাকুলি করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানও নতুন রাষ্ট্রপতি এবং বিরোধীদলীয় নেতার সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।
ভোট গণনা ও ফলাফল ঘোষণার সময় সরকারি দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। সব মিলিয়ে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।