![]() |
| জামালপুরে আলোচিত চাচা-ভাতিজা জোড়া খুন মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন |
জামালপুরে আলোচিত চাচা-ভাতিজা জোড়া খুন মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
জামালপুরের মাদারগঞ্জে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চাচা-ভাতিজা জোড়া হত্যা মামলায় ৭ জনকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দীন দীর্ঘ শুনানি ও বিচার প্রক্রিয়া শেষে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের গজারিয়া এলাকার সাখাওয়াত (৩২), মো. সোহেল (৩০), আল আমিন (৩০), সাদ্দাম (৩০), উজ্জ্বল (৩০), অন্তর (৩০) ও ফয়জুর (৩২)।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—চাঁন মিয়া (৫০), মো. জিয়ার (৪৫), শাহ আলম (৪১), কাওসার (২৯), রিফাত (৩১), সুমন (৩১) ও মোস্তফা (৪৯)। মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবনপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী দিদারুল ইসলাম দিদার জানান, ২০১৬ সালে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের কোন্দলে মোস্তফা নামে এক আসামিকে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহে প্রতিশোধের পরিকল্পনা করা হয়। সেই জেরে ২০১৬ সালের ১৬ মে রাতে গান-বাজনার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে গজারিয়া এলাকার মহর আলী (১৯) ও তাঁর ভাতিজা স্বপন মিয়া (১৬)-কে পাটক্ষেতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার তিন দিন পর পুলিশ তাঁদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২২ জনকে আসামি করে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় দেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।